মঙ্গলবার, ১০ মে, ২০১১

কোটি টাকা মূল্যের চন্দন কাঠ আটকঃ বিজিবি’র লুকোচুরি খেলা

কুড়িগ্রামে কোটি টাকা মূল্যের চন্দন কাঠ আটকঃ বিজিবি’র লুকোচুরি খেলা thumbnail নাগেশ্বরী উপজেলার মাদারগঞ্জ তরীরহাট সীমান্তে ভারত থেকে চোরাপথে আনা প্রায় এক কোটি টাকা মূল্যমানের ১৩৯টি চন্দন কাঠের গুড়ি বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) উদ্ধার করেছে। শনিবার দুপুর ১২টা থেকে রাত প্রায় ৯টা পর্যন্ত অভিযান চালিয়ে এই গুড়িগুলো উদ্ধার করা হয়। রোববার গুঁড়িগুলো ২৭ বিজিবি ব্যাটালিয়ন সদর দপ্তরে আনা হয়।
স্থানীয় অধিবাসীরা অভিযোগ করেন, ১৩৯টি চন্দন গাছের এক সহস্রাধিক সিএফটি (ঘনফুট) মূল্যবান কাঠ উদ্ধার করা হলেও বিজিবি এ নিয়ে দিনভর লুকোচুরি খেলে। সাংবাদিকদেরও উদ্ধারকৃত কাঠ দেখতে দেয়া হয়নি।
এ নিয়ে নানা বিভ্রান্তি ছড়ালে রোববার বিকালে বিজিবি তাদের নিজস্ব ক্যামেরায় তোলা ছবি সাংবাদিকদের সরবরাহ করেন। বিজিবি ৮৩টি গাছের গুড়ি উদ্ধার করেছে বলেও জানায়।
বিজিবি সূত্র জানিয়েছে, ১০২৮ নম্বর সীমানা পিলারের নিকটবর্তী তরিরহাট এলাকায় গঙ্গাধর নদীর হাঁটু পানিতে বেঁধে রাখা একটি নৌকার নিচে ৬ থেকে ৮ ফুট লম্বা গুড়িগুলো লুকিয়ে রাখা হয়েছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কাঠগুলো উদ্ধার করা হয়। তবে এ সময় কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি।
জেলা সহকারী বন সংরক্ষক কর্মকর্তা এনামুল হক ভূইয়া জানিয়েছেন, তার শুনে থাকা ৮৩ টুকরো কাঠগুলোর মূল্য প্রায় ১ কোটি টাকা।
তবে অন্য একটি সুত্র দাবি করেছে আটককৃত চন্দন কাঠের মূল্য কয়েক কোটি টাকা হবে।
কুড়িগ্রাম পুলিশ সুপার মাহবুবুর রহমান বিপুল পরিমান চন্দন কাঠ উদ্ধারের কথা শুনেছেন বলে জানান। তবে এ ব্যাপারে বিজিবি এখন পর্যন্ত স্থানীয় থানায় কোন রিপোর্ট করেনি।
এ প্রসঙ্গে ২৭ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল আব্দুর রাজ্জাক তরফদার জানান, উদ্ধার করা কাঠগুলো নিয়ে আইনী প্রক্রিয়া শেষে সংশিষ্ট কর্তৃপরে কাছে হস্তান্তর করা হবে। ঐ নদীতে ১৩৯ টি চন্দন কাঠের গুড়ি আছে বলে জেনেছেন, তবে এ পর্যন্ত ৮৩ টি কাঠের গুড়ি উদ্ধার করা সম্ভব হয়েছে। এ কারনে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন