বুধবার, ১৮ মে, ২০১১

বিএসএফ এর গুলিতে নিহত ফেলানীর পরিবারকে দোকানঘর উপহার

আব্দুল আজিজ মজনু/নাজমুল, কুড়িগ্রাম।। কুড়িগ্রামের ফুলবাড়ী অনন্তপুর হাজিটারী সীমান্তে বিএসএফ’র গুলিতে নিহত ফেলানীর পরিবারকে বুধবার দুপুরে মুদি দোকান ঘর হস্তান্তর করা হয়েছে।
কুড়িগ্রাম জেলা প্রশাসক হাবিবুর রহমান ও ২৭ বিজিবি ব্যাটালিয়ন কমান্ডার লেঃ কর্নেল আব্দুর রাজ্জাক তরফদার বুধবার নাগেশ্বরী উপজেলার নাখারগঞ্জ বাজারে নির্মিত দোকান ঘরের মালিকানার কাগজ তুলে দেন ফেলানীর বাবা নূর ইসলামের হাতে। এ সময় উপস্থিত ছিলেন নাগেশ্বরী উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল হক, কুড়িগ্রাম প্রেসক্লাব সভাপতি সফি খান, জেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান বাবু, রামখানা ইউপি চেয়ারম্যান সহিদুর রহমান তালুকদার প্রমুখ।
জেলা প্রশাসনের দেয়া জমিতে ‘ফেলানী স্টোর’ নামে দোকান ঘরটি নির্মাণ করে ২৭ বিজিবি ব্যাটালিয়ন।
রামখানা ইউনিয়ন চেয়ারম্যান সহিদুর রহমান তালুকদার জানান, দোকান ঘরটির জমি জেলা প্রশাসন থেকে বরাদ্দ দেয়া হয়েছে।
উল্লেখ্য, গত ৭ জানুয়ারি ভারতের আসাম থেকে বাবার সাথে কাঁটাতারের বেড়া পাড় হয়ে বাংলাদেশে প্রবেশের সময় বিএসএফ তাকে গুলি করে হত্যা করে। দু’দিন পর তার লাশ ফেরত দেয় বিএসএফ। এ ঘটনায় দেশ-বিদেশের মিডিয়া ও মানবাধিকার-কর্মী সহ বিভিন্ন রাজনৈতিক কর্মীরা সোচ্চার হয়। এর প্রেক্ষিতে ৬ ফেব্রুয়ারি ফেলানীর পরিবারকে সান্ত্বনা দিতে আসেন স্বরাষ্ট্রমন্ত্রী এ্যাডঃ সাহেরা খাতুন। তিনি সে সময় তার পরিবারকে ৩ লাখ টাকা অনুদান প্রদান করেন। গত ১৪ ফেব্রুয়ারি ফেলানীর মা জাহানারা বেগম, বোন মালেকা, কাজলী, ভাই জানউদ্দিন, আক্কাছ আলী ও আরফান আলীকে ফেরত দেয় বিএসএফ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন